রোববার (১৫ ডিসেম্বর) রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে আজ থেকে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রেল পথে চালু হয়েছে নতুন চার জোড়া কমিউটার ট্রেন। এতে করে যাত্রীরা সহজেই ঢাকা যেতে পারবে এবং ঢাকা থেকে গাজীপুরে ফিরতে পারবে।
সকালে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জয়দেবপুর রেলস্টেশনে পতাকা নাড়িয়ে জয়দেবপুর-ঢাকা রুটের কমিউটার ট্রেন উদ্বোধন করেন।
এসময় উপদেষ্টা বলেন, আগামী ২৬শে মার্চ থেকে যাত্রীদের রেলে যাতায়াত ব্যবস্থা উন্নয়ন করতে ঢাকা-নরসিংদী রোডসহ কয়েকটি স্থানে কমিউটার ট্রেন বাড়ানো হবে। রেল সচিব, গাজীপুরের জেলা প্রশাসকসহ রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্রেনগুলো হলো- তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪।