রা ব বা নী স র কা র

  • অহংবুদ্ধির পরিণাম
  • ২০২৪-১২-১৩ ২১:১৪:১৪
image

বনের রাজা ঘুমচ্ছিল এক পাহাড়ের গুহায় 
তথায় ইঁদুর এসে বাগড়া দিল সুখের নিদ্রায়।

কানে ঢোকে, নাকে নাচে, করে যায় উৎপাত
ইঁদুর জানে না কী ভীষণ ক্ষিপ্র সিংহের দু'হাত।
ত্যক্ত-বিরক্ত হয় সিংহ ধরলো একই থাবায়
চিঁচিঁ স্বরে দয়া মাগে ইঁদুর নইলে প্রাণ যায়।

দয়া বশে ছেড়ে দিল সিংহ-হৃদয় করুণার
ভাবলো, ছুঁচো মেরে হাত গন্ধের কী দরকার ! 
তারচে ভালো আর ক'টা দিন বেঁচে থাক না ইঁদুর
কী এমন ক্ষতি হবে ! চলে যাক বহুদূর।

চোখে জল এলো ইঁদুরের বাঁচলো প্রাণভিক্ষায়
কুর্নিশ জানায় ভর দিয়ে পা'য় গর্বিত শিক্ষায়।
মহারাজের বিপদ যদি বা আসে কোনোদিন
জীবন বাজি রেখে করবো শোধ এ অশেষ ঋণ।

হেসে উঠলো রাজা কিছু ঔদার্যে কিছু বিদ্রুপে
তুই আর কী করবি রে নেংটি অতিক্ষুদ্র রূপে।
অতিক্ষুদ্রের অহংবুদ্ধি পায় নিত্য উপহাস
যে বিরাট তার চলায় থাকে গর্বোদ্ধত উচ্ছ্বাস।

ঠিকই একদিন সিংহ পড়ে বন-শিকারীর জালে
আষ্টেপৃষ্ঠে বাঁধা কী জানি আছে তার কপালে।
কালের হাতে পড়ে যেমন বীরও হয় কুপোকাত
প্রাণসংশয়ের উৎকণ্ঠাতে গভীর হলো যে রাত।

দৈবক্রমে জানলো ইঁদুর সিংহ পড়েছে দুর্দশায়
বসে না থেকে ঠান্ডা মাথায় পেল সঠিক উপায়।
ছোটো দাঁতে কেটে দিল সে জালের শক্ত গিঁট
উদ্ধার হলো বনের রাজা রক্ষে পেল তার পিঠ।

কী জানি কী বোধোদয় হয় মহারাজের মনে 
ফ্যালফ্যাল চোখে চকচক করে অশ্রু প্রস্রবণে।
বড়ত্ব যা উদারতায় রয় অহংবোধে নয়
ক্ষুদ্রের কাছে অশ্বডিম্ব, নির্লজ্জের পরিচয়।