চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজের তিন দিন পর তিন শিক্ষার্থী উদ্ধার হয়েছে। গত বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের দৃষ্টিনন্দন পার্কে চলমান ইসলামী মাহফিলের গেইট থেকে তাদের উদ্ধার করে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর থানায় তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়। সময়মত মাদ্রাসা না যাওয়ায় শিক্ষকদের ভয়ে তারা তিন দিন ঘোরাঘুরি করে পার করে। শিক্ষার্থী তিন জন হল- সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মো.শাহলালের ছেলে মো. আবদুল্লাহ(১২), একই গ্রামের আজিজুল হকের ছেলে মো, শাহীন(১৩) ও মো. কুড়ানের ছেলে মো. আরাফাত(১৪)। ওই তিন শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জ শহরের ১ নং ওয়ার্ডের বিদিরপুর দারুল উলুম কওমি আবাসিক মাদ্রাসার সহপাঠী শিক্ষার্থী।
জিডি,অভিভাবক,মাদ্রাসা ও পুলিশ সুত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় তিন শিক্ষার্থী। কিন্তু তারা মাদ্রাসা না গিয়ে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে শিক্ষার্থী শাহীনের মামার বাড়ি যায়। সেখানে রাত্রি যাপন করে পরদিন ৯ ডিসেম্বর দুপুর আড়াইটায় তিন বন্ধু আবারও মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। কিন্তু তারা আবারও মাদ্রাসায় না গিয়ে মহারাজপুরের একটি মসজিদে রাত্রিযাপন করে। পরদিন ১০ ডিসেম্বর তারা চাঁপাইনবাবগঞ্জ শহরে পৌঁছে ও নিউমার্কেট জামে মসজিদে রাত্রিযাপন করে।পরদিন গত বুধবার(১১ ডিসেম্বর) রাতেও তারা নিউমার্কেট মসজিদে রাত্রিযাপন করে। বৃহস্পতিবার রাতে স্থানীয়দের দেয়া খবরে পুলিশ তাদের বারঘরিয়ার মাহফিল থেকে উদ্ধার করে।
এদিকে গত ৯ডিসেম্বর নিখোঁজের পর অভিভাবকরা তাদের সন্ধান শুরু করে। শুরু হয় বিভিন্ন স্থানে খোঁজ ও মাইকিং। গত বৃহস্পতিবার রাতেও ব্যাপক মাইকিং করা হয়। জনমনে সৃষ্টি হয় চাঞ্চল্য ও উদ্বেগ। বুধবার দুজনের অভিভাবক ও বৃহস্পতিবার অপর একজনের অভিভাবক থানায় নিখোঁজ জিডি করেন।
জিডির তদন্ত কর্মকর্তা ও উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল হাই বলেন, মূলত: সময়মত মাদ্রাসা না যাবার কারণে ভীত তিন শিক্ষার্থী বাড়ি বা মাদ্রাসা না গিয়ে ৩ দিন মসজিদ মসজিদ ঘুরে সময় পার করে। শিক্ষার্থীদের জিজ্ঞাসবাদে উল্লেখযোগ্য অন্য কোন তথ্য পাওয়া যায়নি। এছাড়া ওই মাদ্রাসায় পড়াশানোর চাপ রয়েছে।
সদও থানার পরিদর্শক(তদন্ত) এসএম নুরুল কাদিও সৈকত বলেন, ঘটনা জানার পরই পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। জিডি হবার পর তৎপরতা বাড়িয়ে শিক্ষার্থী তিনজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়া হয়।