চাঁপাইনবাবগঞ্জে পেছন থেকে ট্রাক্টর-ট্রলির ধাক্কায় রিক্সাচালক নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-১০ ২০:৫৫:১৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পেছন থেকে ট্রাক্টর-ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত রিক্সাচালক কামরান আলী ভুটু (৬০) নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের রামকৃষ্টপুর মৃধাপাড়া মহল্লার মৃত জুলফিকার আলী মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার(১০ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ইউসুফনগর পুলপাড়া এলাকায় আঞ্চলিক সড়কে খালি রিক্সা নিয়ে যাবার সময় পেছন থেকে একটি খালি ট্রলির ধাক্কায় নিজ রিক্সার নিচে চাপা পড়েন ভুটু। এতে তিনি ঘটনাস্থলে বুকে আঘাত পেয়ে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর বিকাল ৩টার দিকে ভুটুকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রলি চালক ঘটনাস্থলে ট্রলি ফেলে পালিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার ও ট্রলি জব্দ করেছে। ট্রলি চালককে শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।