অ র্চ না মা লা কা র

  • একটি মানবিক পৃথিবী
  • ২০২৪-১২-০৯ ১৯:৫৭:৫৮
image

তোমরা বুঝি রক্ত ঝরাও শকুনির ক্ষোভ দেখে, 
অথচ মায়ের চোখের জল তোমরা দেখতে পাও না। 
মা যে দাওয়ায় বসে শব দেখতে দেখতে নিথর হয়ে গেছে, 
সে এখন পাগলের প্রলাপ বকে, কারো সাড়া পেলে
খোকা এলি ! বলে চিৎকার করতে থাকে। 
খাবার ছড়িয়ে দেয় নিকানো উঠানে, 
পাখিদের খুঁটে খাওয়া দেখে হাততালি দেয়। 

আপেক্ষার দিন গুণতে গুণতে কখন যেন ঘুমিয়ে পড়ে
চির নিদ্রায়, 
কেউ তার খোঁজ রাখো না। 
অনাথ শিশুর কান্নাও তোমরা শুনতে পাও না, 
বিধবার উদাসী চোখ কারো নজর কাড়ে না। 
হায়রে মানুষ নামের ফানুস রক্তের নেশায় উন্মাদ, 
রক্তের হোলি আর কত খেলবে৷ ?

নদীর উত্তাল তরঙ্গ দেখে থমকে দাঁড়াও, 
কিন্তু রক্তস্রোত দেখে কোনো অনুভূতি জাগে না, 
তোমাদের অভিধানে প্রতিশোধ অর্থ মৃত্যু। 
শকুনির জন্য হৃদয় কাঁদে, তাদের খাবারের যোগান দাও
মানুষ মেরে, 
বড়ই অনুতাপের বিষয় মানুষের জন্য কিছু করতে পারো না। 
কবে জাগ্রত হবে তোমাদের মনুষ্যত্ববোধ
ভালোবাসায় গড়ে তুলবে একটি মানবিক পৃথিবী।