৪ দিনের সরকারি সফরে ইতালির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৭-২২ ২৩:২০:৫৬
image

আজ রোববার ৪ দিনের সরকারি সফরে আজ ভোরে ইতালির রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিবেন।
ভোরে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে একটি ফ্লাইট রোমের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
এসময় জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিকবৃন্দ ও তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।
সফরকালে খাদ্য সম্মেলনে যোগদান ছাড়াও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামী ২৬শে জুলাই ঢাকায় ফিরতে রোম ত্যাগ করবেন তিনি।
খাদ্য সম্মেলনে ১৪ থেকে ১৫টি রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান অংশপ্রহণ করবেন। 
প্রধানমন্ত্রীর ইতালি সফর উপলক্ষে বৃহস্পতিবার (২০শে জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, খাদ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে তিনি জানান, ইতালিতে অনেক বাংলাদেশি থাকেন। দেশটিতে তাদের বসবাস নিয়মিত করার জন্য আমরা অনুরোধ করবো। এছাড়া সফরে জ্বালানি ও সংস্কৃতি নিয়ে দুটি সমঝোতা স্মারক হওয়ার সম্ভাবনা আছে।
উল্লেখ্য, বর্তমানে লক্ষাধিক বাংলাদেশি ইতালিতে রয়েছেন। তাদের একটি বড় অংশই সেখানে অবৈধভাবে অবস্থান করছেন।