চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পেছন থেকে একটি দ্রæতগতির বেপরোয়া ট্রাকের চাপায় জাহানার বেগম(৭০) নামে এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের কানসাট সেলিমাবাদ খানপাড়া গ্রামের মৃত ওয়াজেদ খানের স্ত্রী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক ধরে হেঁটে যাবার সময় মিলিক মোড় নামক স্থানে পেছন থেকে সোনামসজিদগামী অজ্ঞাত পরিচয় একটি ট্রাক জাহানারাকে চাপা দেয়। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জাহানারা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুলিশ ট্রাক ও এর চালককে শনাক্তের চেষ্টা করছে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) লিটন সরকার বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।