গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-০৪ ২৩:৩৫:৪৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্ত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে মো. নাজির উদ্দিন কার্তিক(২৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। তিনি ভারতের বিহার রাজ্যের কাঠিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, গত মঙ্গলবার(৩ ডিসেম্বর) নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) আওতাধীন গোমস্তাপুরের বাংগাবাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল সীমান্ত পিলার ২০৪ /এমপি হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার এলাকায় নিয়মিত টহল দেয়ার সময় সন্দেহজনক গতিবিধির কারনে নাজিরকে আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় নাগরিক  বলে স্বীকার করেন। তিনি আরও স্বীকার করেন যে, ১০/১২দিন পূর্বে  অবৈধ উপায়ে তিনি বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তবে তিনি বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত পাসপোর্ট বা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেন নি। তাঁকে তল্লাশী করে ১০ ভারতীয় রুপী ও বাংলাদেশী আড়াইশ টাকা নগদ পাওয়া যায়। অধিকতর জিজ্ঞাসাবাদে তাঁর  উত্তর অসংলগ্ন ও সন্দেহজনক হওয়ায় এবং কোন বৈধ কাগজপত্র না পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৬’ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, ওই ব্যাক্তিকে প্রাথমিকভাবে কিছুটা মানসিক সমস্যাগ্রস্থ বলে মনে হয়। তাঁকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল বাশার বলেন, বুধবার(৪ ডিসেম্বর) ওই ভারতীয় নাগরিককে হস্তান্তরের পর তাঁর  বিরুদ্ধে থানায় ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্টে মামলা হয়েছে।  বুধবারই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।