চাঁপাইনবাবগঞ্জে নৌকা থেকে পদ্মায় পড়ে যুবক নিখোঁজ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-২০ ২২:১৪:০১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে মো. ডলার(২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।  তিনি ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরপাঁকা দশরশিয়া গ্রামের মো. বাবু ওরফে বাবু সর্দ্দারের ছেলে।
ফায়ার সার্ভিস,পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা গেছে,বুধবার(২০ নভেম্বর) সকাল  ৯টার দিকে দশরশিয়া বাজার ফেরিঘাট থেকে  ইঞ্জিনচালিত একটি ছোট নৌকাযোগে পাঁকার লক্ষীপুর বোগলাউড়ি ঘাটের উদ্দেশ্যে রওনা দেন ডলার। নৌকায় ৮/১০ জন যাত্রী ছিল। মাঝপথে অসাবধানতাবশত: নৌকা থেকে নদীতে পড়ে যান ডলার। স্থানীয়রা  তাৎক্ষনিক তাঁকে নদীতে খুঁজে না পেলে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ডাকা হয়। দুপুর ১ টা থেকে ডুবুরীদল নদীতে খোঁজ করে ডলারের সন্ধান না পেয়ে বিকাল সোয়া ৫টার দিকে  উদ্ধার অভিযান স্থগিত করে।
পাঁকা ইউপি’র ৭ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে ডলারের খোঁজ অব্যহত  রয়েছে। জাল ও নৌকা নিয়ে তাঁকে খোঁজা হচ্ছে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মেহেদী হাসান বলেন, ডলার সাঁতার জানতেন না। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। ডলার গৃহস্থালি ও কৃষিকাজে জড়িত ছিলেন বলেও জানান উপ-পরিদর্শক মেহেদী।