পাইকগাছায় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- শেখ নাদীর শাহ্,
-
২০২৪-১১-২০ ১৪:৫২:১০
পাইকগাছা(খুলনা):
খুলনার পাইগাছায় অনিয়ম,স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায়ের অপসারণের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় শিক্ষার্থী ঝৃতুর নেতৃত্বে প্রায় দু' শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের সকল ক্লাস রুমসহ মূল গেটে তালা ঝুলিয়ে দিয়ে প্রধান সড়কে অবস্থান নেয়। এসময় তারা প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায়ের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীদের অভিযোগ, ভৈরবী রানী রায় গত ০৭/০৫/২৪ তারিখে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদানের পর থেকে প্রতি মাসে মাত্র দু' এক দিন স্কুলে আসেন। এমনকি মাস শেষে বেতন উত্তোলনের খাতিরে যা দু' একদিন উপস্থতিত হয়েও তিনি অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন, শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন, সিলেবাস, ক্লাস রুটিন, সনদ , ছুটির নোটিশ কিছুই শিক্ষার্থীরা তার অনুপস্থিতির কারণে পায়না।
এ ব্যাপারে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা জানান, প্রধান শিক্ষিকার অনুপস্থিতে প্রাতিষ্ঠানিক সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এমনকি তার স্বেচ্ছাচারিতায় শিক্ষার্থীসহ অভিভাবকদের প্রশ্নের জবাবের মুখে তারা অসহায় হয়ে পড়েছেন দাবি করেন।
বিদ্যালয়ের ক্লাসরুমে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবরে সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হন। এসময় শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থী ঝৃতু ও অভিভাবদের পক্ষে সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও শিক্ষকদের পক্ষে সিনিয়র শিক্ষক আঃ ওহাব তাদের অভিযোগ তুলে ধরেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল অভিযোগ শুনে এর সমাধানে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।
শিক্ষার্থীদের ক্লাস রুমে তালা ঝুলিয়ে সড়ক অবরোধের খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পাইকগাছা থানার ওসি শবজেল হোসেন আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হন।