টাঙ্গাইলে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের নিহত ৪

  • আব্দুস সাত্তার
  • ২০২৪-১১-১৯ ২৩:৩৯:২৬
image

প্রতিনিধি টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ৪ জন নিহত হয়েছে।
 মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার মালাউড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আক্তার আলীর ছেলে রবিজল শেখ (২৮), শাহাজল শেখ (৪২), পিকআপ চালক হেকমত আলীর ছেলে সুজন মিয়া (২৫) ও হেলপার কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন (২৮)। 
পুলিশ ও স্থানীয়রা জানায়,নিহতরা সবজি ব্যবসায়ী। গত সোমবার দিবাগত রাতে ঢাকায় সবজি বিক্রি করে পিকআপযোগে বাড়ি ফেরার পথে মহাসড়কের মধুপুর পৌর এলাকার মালাউড়ি নামকস্থানে এলে ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রিবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহত হন একজন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) রাসেল আহমেদ জানান, ভোরে মধুপুর পৌর এলাকায় মালাউড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।