সময়ের কাঠগড়া আমাকে আসামী করে তোলে,
ঝুলিয়ে রাখে ফাঁসির দড়িতে,
প্রাণপাত হয় না কিন্তু ভীতসন্ত্রস্ত করে রাখে,
কখন বুঝি হয় মরিতে !
পৃথিবীর সবরূপ দেখি তখন বারবার,
যা কিছু চোখে ভাসে সকলই তো হারাবার।
অপেক্ষায় থাকি তবু প্রিয় সেই দৃষ্টি
চোখের আরশিতে ঝরাবে কী বৃষ্টি!
বাতাসে দুর্গন্ধ ঢেলে প্রকৃতি বিরূপ
সুনসান নীরবতায় ধ্বনিত হয়, চুপ-চুপ।
সহসা মায়াবতী এক সৌন্দর্যের আবাহনে
সুরের মূর্ছনা ছড়ায়; লাস্যময়ী সে অপরূপা,
আত্মার ব্যঞ্জনায় বিমূর্ত প্রতীক।
মৃত্যুর রূপরেখা দণ্ডায়মান থাকে পাখির পালকে
নিরুদ্দেশ হতে চায় সে কোন আলোকে !
বীভৎস সময়কে পার করে জামিন পাওয়া
বড়ো কঠিন।
তবুও আসে যদি আনন্দলোকে
সে সুন্দর,সে অচিন, আকাশ-রঙিন !
মৃত্যুপথযাত্রীর চোখে-চোখে
চির-নতুন,চির-বিস্ময় আসে যদি মুক্ত স্বাধীন!