শক্তিশালী টাইফুন ম্যান-ই ফিলিপিন্সের কাতান্ডুয়ানেস দ্বীপের পূর্ব উপকূলে আঘাত হেনেছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১১-১৮ ০৮:২৩:৫৫
image

শক্তিশালী টাইফুন ম্যান-ই ফিলিপিন্সের কাতান্ডুয়ানেস দ্বীপের পূর্ব উপকূলে আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯ টার দিকে আঘাত হানে ঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ ছিলো ঘন্টায় ১৯৫ কিলোমিটার। এর প্রভাবে প্রচন্ড বাতাস ও মুষলধারে বৃষ্টি হচ্ছে। 
উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে ২৬ হাজার মানুষকে। ভেঙ্গে পড়েছে গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। বাতিল হয়েছে অনেক অভ্যন্তরীন ও আন্তর্জাতিক ফ্লাইট। বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। 
স্থানীয় সময় রোববার টাইফুন ম্যান-ই লুজোন দ্বীপে তাণ্ডব চালাতে পারে। দ্বীপটির দক্ষিণ ও মধ্যাঞ্চলের দিকে ধেয়ে আসছে ঝড়টি। তবে আবহাওয়া বিভাগ জানিয়েছে, এরইমধ্যে কিছুটা দূর্বল হয়ে পড়েছে ঝড়টি। রাজধানী ম্যানিলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পোলিলো এবং ক্যালাগুয়াস দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
তিনটি সুপার টাইফুনসহ গত একমাসে ফিলিপিন্সে অন্তত পাঁচটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১৬৩ জনের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ। নষ্ট হয়ে গেছে অনেক আবাদি জমি। ম্যান-ই ফিলিপিন্সে গত এক মাসে আঘাত হানা ষষ্ঠ বড় ঘূর্ণিঝড়।