চোখ হারিয়ে আঁধার জগতজুড়ে আছে যারা
অন্ধ হয়েও সাজে যেন মন আকাশের তারা
মনের আলো তাদের কাছে জোনাকিদের পথ
হয়তো তাদের এমন আলোয় সাজানো জগত।
কেউ না জানাক তবু জানে পাশে পাখির গান
অন্ধজনের কাছে এমন গানের সে কী টান!
পাখিরা তো একেক করে গান শুনিয়ে যায়
অন্ধজনের কানের কাছে সুর বুনিয়ে যায়।
কেউ না জানাক তবু জানে পাশে ফুলের ঘ্রাণ
অন্ধজনই জানে এমন ফুলই তাদের প্রাণ
ফুলকলিরা গন্ধ নিয়ে অন্ধজনের কাছে
হইচই এ মন ভরিয়ে তুলে দোলে গাছে গাছে।
গন্ধ সুরের ফুলকি যেন ছড়িয়ে থরে থরে
এমনি করে তাদের আঁধার জগত ওঠে ভরে।
কেউ না জানাক তবু জানে পাশে ঢেউয়ের দোলা
অন্ধজনের কাছে এমন নদী যায় না ভোলা
নদী কেমন ঢেউ বুনে যায় অন্ধজনের কাছে
ঢেউয়ের দোলায় ছন্দে তাদের মনটা যেন নাচে।
কেউ না জানাক তবু জানে উঠছে কথার ঢেউ
অন্ধজনের কাছে এমন বলছে কথা কেউ
হাজার কথার ভাঁজ খুলে যায় অন্ধজনের কানে
কানের টানে চোখ খুলে যায় হাজার ছবির বানে।
হাজার কথা ছবির মতো দেখে থরে থরে
এমনি করে তাদের আঁধার জগত ওঠে ভরে।