রবিবার, জুন ১৪, ২০২৬

মগবাজারে এক ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু,৭২ ঘণ্টার তদন্তে নামল স্বাস্থ্য বিভাগ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৫-২৭ ১৫:৫৫:৫৪
ছবি: সংগৃহীত।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বুধবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল ও বেদনাদায়ক। মৃত্যুর পেছনে চিকিৎসা অবহেলা, যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে দ্রুত তদন্ত শুরু হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল অনুবিভাগের যুগ্ম সচিবকে প্রধান করে গঠিত এই কমিটিতে স্বাস্থ্য বিভাগ ও অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তাদের রাখা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তদন্তে কোনো চিকিৎসক, কর্মকর্তা বা কর্মচারীর গাফিলতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি ঘটে বুধবার ভোরে হাসপাতালের দ্বিতীয় তলার অস্ত্রোপচার-পরবর্তী ওয়ার্ডে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাসলাইন থেকে লিকেজ অথবা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হাসপাতালের ভেতরের পরিবেশ, চিকিৎসা সরঞ্জাম ও বৈদ্যুতিক ব্যবস্থাও পরীক্ষা করা হবে।
এদিকে একসঙ্গে এত নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই হাসপাতালের নিরাপত্তা ও চিকিৎসা ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন তুলেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নবজাতক ও নিবিড় পরিচর্যা ইউনিটে যেকোনো যান্ত্রিক ত্রুটি ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তাই দেশের সব হাসপাতালের নিবিড় পরিচর্যা ও অক্সিজেন-শীতাতপ ব্যবস্থার নিয়মিত নিরাপত্তা পরীক্ষা আরও জোরদার করা জরুরি হয়ে পড়েছে।

কী-ওয়ার্ডস: নবজাতক,তদন্ত,হাসপাতাল


এ জাতীয় আরো খবর