শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ঈদ উপলক্ষে টানা ১০ দিন বন্ধের পর সোনামসজিদ স্থলবন্দর পূণরায় কর্মচঞ্চল

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-২৮ ১৬:৫১:২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদ-ঊল-ফিতর-২০২৬ উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি  এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম গত ১৮ মার্চ বুধবার হতে গত ২৭ মার্চ  (শুক্রবার) পর্যন্ত টানা ১০ দিন বন্ধের পর বন্দর যথারীতি পূণরায় কর্মচঞ্চল হয়েছে। বন্দর সূত্র জানায়,শনিবার (২৮ মার্চ) সকাল হতে বন্দরের আমদানি-রপ্তানি,লোড-আনলোড,পণ্য পরিবহন, কাষ্টমস এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম যথারীতি পূণরায় চালু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত দুই শতাধিক আমদানি পণ্যবাহী ট্রাক  ভারতের মহদিপুর স্থলবন্দর হতে সোনামসজিদে প্রবেশ করলেও বাংলাদেশ থেকে রপ্তানি হয় নি কোন পণ্য। ওদিকে ১০ দিনের বন্ধের মধ্যে শুক্রবার সাপ্তাহিক ছুটি সহ সকল সরকারি ছুটি অন্তভূক্ত ছিল।
তবে এই বন্ধের মধ্যে ঈদের দিনসহ প্রতিদিনই পাসপোর্টধারী যাত্রীদের সোনামসজিদ ইমিগ্রেশন পথে  বাংলাদেশ ও ভারত গমানাগমন স্বাভাবিক ছিল।
বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান এবং সোনামসজিদ সিএন্ডএফ এজেণ্ট এসাসিয়েশন অফিস সচিব একরামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, ঘোষণা অনুযায়ী বন্দর গত ১৮ মার্চ থেকে বন্ধ হলেও গত ১৭ মার্চ কোন আমদানী বা রপ্তানি পণ্যবাহী গাড়ি  বাংলাদেশ বা ভারতে প্রবেশ করে নি। ওই দিন খালি  ট্রাক নিজ নিজ দেশে ফেরত যায় এবং পণ্য লোড-আনলোডের কাজ চলে। তবে টানা ১০ দিন বন্ধের  মধ্যে বন্দরের কিছু আভ্যন্তরণীণ কার্যক্রম সীমিত পরিসরে চালু  ছিল।
 পানামা অপারেশন ম্যানেজার আরও বলেন, বন্ধের পূর্বে শেষ গত ১৬ মার্চ ৩৬৮ ট্রাক পণ্য  ভারত হতে আমদানি ও  বাংলাদেশ হতে ১৬ ট্রাক পন্য ভারতে রপ্তানি হয়। আমদানিকৃত পন্যের মধ্যে ৩০১টি ট্রাকেই ছিল পাথর। এছাড়া ৬৭ ট্রাক  ভুট্টা বা মেইজ (পশুখাদ্য), চায়না ক্লে (সিরামিকস কাঁচামাল), মসুর ডাল, ছোলা,শুকনা মরিচ সহ বিভিন্ন পণ্য আমদানি হয়। অপরদিকে ১৬ মার্চ ভারতে যে ১৬ ট্রাক পন্য রপ্তানি হয় তার মধ্যে ছিল পাটজাত পণ্য, প্লাষ্টিক সামগ্রী ইত্যাদি। 


এ জাতীয় আরো খবর