শনিবার, মার্চ ৭, ২০২৬

খেলাধুলার মাধ্যমে জাতীয় ঐক্যের ডাক, ৭ দিনের মধ্যে প্রতিবেদন চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০২-২৩ ১৮:৩১:৪৮
ছবি: সংগৃহীত।

দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে খেলাধুলাই সবচেয়ে শক্তিশালী মাধ্যম-এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরি করে ফেডারেশনগুলোকে স্বাবলম্বী ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করাই সরকারের লক্ষ্য। সম্মিলিত প্রচেষ্টায় দেশের ক্রীড়াঙ্গণকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ-এর সম্মেলন কক্ষে ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ‘ক্রীড়া পরিকল্পনা বাস্তবায়ন ও উন্নয়ন’ শীর্ষক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় প্রতিমন্ত্রী জানান, গত এক বছরে দেশের ক্রীড়াঙ্গণের সাফল্য, ব্যর্থতা ও বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করতে প্রতিটি ফেডারেশনকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে বিস্তারিত মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে হবে। ফেডারেশনগুলোর পক্ষ থেকেও নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
ফেডারেশনগুলোর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন শুরু করা হবে। পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে নির্বাচন সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে ফেডারেশনগুলোর নেতৃত্ব নির্ধারণ করা হবে।
খেলোয়াড়দের জীবনমান উন্নয়নের বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য প্রতিটি ফেডারেশনকে জাতীয় খেলোয়াড়দের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। যাচাই-বাছাই শেষে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে খেলোয়াড়দের সহায়তা দেওয়া হবে।
এছাড়া প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি পবিত্র ঈদুল ফিতরের পরপরই শুরু করার ঘোষণা দেন তিনি।
সভায় নিষ্ক্রিয় ফেডারেশনগুলোর সমস্যা চিহ্নিত করা, সমজাতীয় ফেডারেশন একীভূত করার উদ্যোগ, ক্রীড়া সামগ্রীর ওপর কর কমানো এবং তফসিলভুক্ত ব্যাংকগুলোর সিএসআর তহবিল খেলাধুলায় বিনিয়োগের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

কী-ওয়ার্ড: ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা, ফেডারেশন নির্বাচন, খেলোয়াড় বেতন কাঠামো


এ জাতীয় আরো খবর