শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

এ-প্লাস বাদ, গিল-বুমরাহ-জাদেজায় সর্বোচ্চ আস্থা: নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ বিসিসিআইয়ের

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০২-০৯ ২৩:২৭:৩৯
ছবি: সংগৃহীত।

নতুন মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবারের তালিকায় সবচেয়ে বড় পরিবর্তন-এ প্লাস ক্যাটাগরি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরি হিসেবে রাখা হয়েছে গ্রেড ‘এ’।
তিনটি গ্রেডে মোট ৩০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে বিসিসিআই। গত মৌসুমের তালিকা থেকে বাদ পড়েছেন পাঁচজন ক্রিকেটার। অন্যদিকে নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার সাই সুদর্শন, যিনি জায়গা পেয়েছেন গ্রেড সি-তে।
সর্বোচ্চ গ্রেড ‘এ’-তে রাখা হয়েছে মাত্র তিনজন ক্রিকেটার। তারা হলেন-টেস্ট অধিনায়ক শুভমান গিল, অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও পেস আক্রমণের প্রধান ভরসা জাসপ্রিত বুমরাহ। এই তিনজনকেই ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রবিন্দু হিসেবে দেখছে বোর্ড।
গ্রেড ‘বি’-তে রয়েছেন ১১ জন ক্রিকেটার। এই তালিকায় জায়গা পেয়েছেন অভিজ্ঞ বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাদের সঙ্গে রয়েছেন লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, মোহাম্মদ সিরাজসহ দলের নিয়মিত মুখগুলো।
সবচেয়ে বড় ধাক্কা এসেছে মোহাম্মদ শামির জন্য। গত মৌসুমে গ্রেড ‘এ’-তে থাকলেও এবার তাকে পুরোপুরি কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখা হয়েছে। একই সঙ্গে বাদ পড়েছেন ইশান কিশান, রজত পাটিদার, মুকেশ কুমার ও সরফরাজ খান।
গ্রেড ‘সি’-তে রাখা হয়েছে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের বড় অংশ। এই তালিকায় রয়েছেন অক্ষর প্যাটেল, রিংকু সিং, তিলক ভার্মা, শিভম দুবে, সাঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কোয়াড়সহ মোট ১৬ জন ক্রিকেটার।
নতুন এই চুক্তির তালিকা স্পষ্ট করে দিচ্ছে-বিসিসিআই এখন অভিজ্ঞতা ও ভবিষ্যৎ নেতৃত্বের মধ্যে ভারসাম্য রেখে দল গঠনের পথে হাঁটছে, যেখানে তরুণদের জন্য সুযোগ বাড়লেও পারফরম্যান্সের ওপর ছাড় নেই।


এ জাতীয় আরো খবর