রবিবার, জুন ১৪, ২০২৬

রেমিট্যান্সে রেকর্ডের পথে বাংলাদেশ,জানুয়ারিতে এলো ৩.১৭ বিলিয়ন ডলার

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০২-০১ ২০:২১:৩৫
ফাইল ছবি

দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা এনে দিয়েছে প্রবাসী আয়। চলতি বছরের জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩.১৭ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫.১ শতাংশ বেশি। একক মাস হিসেবে এটি বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২.১৯ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার জোগান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়ে রেকর্ড গড়ে বাংলাদেশ। পাশাপাশি ২০২৫ সালের ডিসেম্বরে আসে ৩.২৩ বিলিয়ন ডলার, যা ছিল একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১৯.৪৪ বিলিয়ন ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১৫.৯৬ বিলিয়ন ডলার, যা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবৃদ্ধির ইতিবাচক চিত্র তুলে ধরছে।
বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলা এবং রিজার্ভ শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংক নানা উদ্যোগ নিয়েছে। এসব পদক্ষেপের ফলে প্রবাসীদের আয় দেশে পাঠানোর প্রবণতা বেড়েছে এবং রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়েছে বলে তিনি উল্লেখ করেন।
অর্থনীতিবিদদের মতে, এই ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও স্থিতিশীল হবে।

কী-ওয়ার্ডস:রেমিট্যান্স প্রবৃদ্ধি,প্রবাসী আয়,বাংলাদেশ ব্যাংক


এ জাতীয় আরো খবর