ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা যাচাই প্রক্রিয়ায় রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা ৭০টি আপিলের মধ্যে ৫২টি মঞ্জুর, ১৫টি নামঞ্জুর এবং তিনটি আপিলের শুনানি মুলতবি রাখা হয়েছে। এ তথ্য আজ শনিবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) শুরু হওয়া শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ফুল কমিশন সব আপিল বিস্তারিতভাবে বিবেচনা করেন। আপিলকারীরা যুক্তি উপস্থাপন করেছেন, আর রিটার্নিং অফিসার বা তার প্রতিনিধি মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের কারণ তুলে ধরেছেন।
ইসি’র পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে দায়ের করা ৫১টি আপিল মঞ্জুর হয়ে প্রার্থীরা প্রার্থীতা ফিরে পেয়েছেন। অন্যদিকে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে এক আপিল মঞ্জুর হওয়ায় একজন প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছে।
শুনানি প্রক্রিয়ায় প্রার্থী বা তাদের আইনজীবীরা প্রয়োজনীয় নথি ও তথ্য উপস্থাপন করলে প্রার্থিতা ফেরত পান। অপর দিকে তথ্যের ঘাটতির কারণে কিছু প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আপিলের রায় তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে, এবং রায়ের অনুলিপি ও পিডিএফ কপি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও প্রার্থীদের ই-মেইল অ্যাকাউন্টে পাঠানো হবে। এছাড়া কমিশনের ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করা হবে।
ইসি জানায়, আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত, যেখানে প্রতি দিন নির্দিষ্ট নম্বরের আপিল গ্রহণ ও রায় ঘোষণা করা হবে। যেমন-রোববার ৭১-১৪০, সোমবার ১৪১-২১০, এবং মঙ্গলবার ২১১-২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রায়ের অনুলিপি শিডিউল অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে বিতরণ করা হবে।
এ নির্বাচনের জন্য মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে। গত ৪ জানুয়ারি নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসাররা মোট ২,৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১,৮৪২টি বৈধ ঘোষণা করেছেন, আর ৭২৩টি বাতিল করেছেন। এই প্রক্রিয়া নিশ্চিত করে নির্বাচন কমিশন প্রার্থীদের প্রার্থিতা যাচাই ও বৈধতা প্রদানে স্বচ্ছতা বজায় রাখতে চাইছে।
কী-ওয়ার্ডস:নির্বাচন কমিশন, মনোনয়নপত্র আপিল, ত্রয়োদশ সংসদ নির্বাচন