বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

বেয়ারস্টোর ব্যাটে ঝড়, ১৪.২ ওভারেই প্রিটোরিয়াকে উড়িয়ে শীর্ষে ইস্টার্ন কেপ

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০১-০৬ ২৩:১৮:৫৪
ছবি: সংগৃহীত।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে (এসএ২০) ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার জনি বেয়ারস্টো। তার আগ্রাসী ইনিংসে প্রিটোরিয়া ক্যাপিটালসকে কোনো সুযোগ না দিয়েই ১০ উইকেটের দাপুটে জয় তুলে নেয় সানরাইজার্স ইস্টার্ন কেপ। মাত্র ১৪.২ ওভারেই ১৭৭ রানের লক্ষ্য পূরণ করে ফেলে দলটি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রিটোরিয়া ক্যাপিটালস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৬ রান। ওপেনার কনর এস্থারহুইজেন ৩৩ বলে ৬ চার ও ২ ছক্কায় করেন ৫২ রান। নিচের দিকে শেরফানে রাদারফোর্ড ২২ বলে অপরাজিত ৪৭ রান যোগ করেন। এছাড়া উইহান লুবে ও ব্রেস পারসনসের ব্যাট থেকেও আসে দরকারি রান।
বল হাতে ইস্টার্ন কেপের হয়ে সবচেয়ে সফল ছিলেন আনরিখ নরকিয়া। ৪ ওভারে ৩২ রান দিয়ে তিনি শিকার করেন ৩ উইকেট। অ্যাডাম মিলনে নেন ২টি উইকেট, আর একটি করে উইকেট পান লুথো সিম্পালা ও লুইস গ্রেগরি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন কুইন্টন ডি কক ও জনি বেয়ারস্টো। দুই ওপেনারের ব্যাটে কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রিটোরিয়া। ডি কক ৪১ বলে ৭৯ রান করে ম্যাচসেরা হন। অন্যদিকে বেয়ারস্টো ৪৫ বলে ৮৫ রানে অপরাজিত থেকে দলকে অনায়াস জয়ে পৌঁছে দেন।
১২তম ওভারেই ম্যাচ পুরোপুরি হাতছাড়া হয়ে যায় প্রিটোরিয়ার। অধিনায়ক কেশভ মহারাজের সেই ওভারে বেয়ারস্টো হাঁকান ৫টি ছক্কা ও একটি চার, এক ওভারেই আসে ৩৪ রান—যা এসএ২০ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ওভার হিসেবে রেকর্ডে উঠে যায়।
এই জয়ের ফলে ৫ ম্যাচে ৩ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। অন্যদিকে প্রিটোরিয়া ক্যাপিটালস ৫ ম্যাচে মাত্র ১ জয়ে ৭ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।

কীওয়ার্ডস:জনি বেয়ারস্টো,এসএ২০ লিগ,সানরাইজার্স ইস্টার্ন কেপ


এ জাতীয় আরো খবর