বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

শান্তির দায়িত্বে আত্মোৎসর্গ: সুদানে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-১৪ ২০:৫৭:৩৯
ছবি: সংগৃহীত।

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিহত ও আহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে সুদানের আবেই অঞ্চলের কাদুগলি লজিস্টিক বেসে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের লক্ষ্য করে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। হঠাৎ ও সমন্বিত এই হামলায় ছয়জন শান্তিরক্ষী ঘটনাস্থলেই শহীদ হন এবং আরও আটজন আহত হন।
শহীদরা হলেন নাটোরের করপোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মন্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।
আহতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, দিনাজপুরের সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, ঢাকার করপোরাল আফরোজা পারভিন ইতি, বরগুনার ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, কুড়িগ্রামের সৈনিক মো. মেজবাউল কবির, রংপুরের সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, মানিকগঞ্জের সৈনিক চুমকি আক্তার এবং নোয়াখালীর সৈনিক মো. মানাজির আহসান।
আইএসপিআর জানায়, গুরুতর আহত সৈনিক মেজবাউল কবিরের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।
এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এক বিবৃতিতে বলা হয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালনকালে শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা ও প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে। এ ঘটনায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।

কীওয়ার্ডসঃবাংলাদেশ শান্তিরক্ষী,সুদান ড্রোন হামলা,ইউএন মিশন


এ জাতীয় আরো খবর