বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

স্থিতিশীল খালেদা জিয়ার শারীরিক অবস্থা, বিদেশ যাত্রা নিয়ে এখনো অনিশ্চয়তা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-০৭ ১৩:৪৩:০০
ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা কয়েক দিন ধরেই স্থিতিশীল রয়েছে। মেডিক্যাল বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, তিনি এখন নিয়মিত ওষুধ গ্রহণ করতে পারছেন, যা চিকিৎসকদের কাছে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক জানান, গত কয়েক দিনে খালেদা জিয়ার অবস্থায় কোনো অবনতি হয়নি। বরং তিনি ওষুধ সঠিকভাবে গ্রহণ করতে পারছেন এবং এতে চিকিৎসকেরা তার সুস্থতার ব্যাপারে কিছুটা আশাবাদী হয়েছেন। খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তারও জানান, তার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, সম্পূর্ণ মেডিক্যাল টিমের পর্যবেক্ষণেই তার চিকিৎসা চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবায়দা রহমান দেশে ফেরার পর থেকে নিয়মিত হাসপাতালে গিয়ে তার চিকিৎসার অগ্রগতি তদারকি করছেন।
এদিকে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। গত শনিবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তার বিদেশ যাত্রা নির্ভর করছে তিনি দীর্ঘ ফ্লাইটের ভ্রমণ সহ্য করতে পারবেন কি না সে সিদ্ধান্তের উপর। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও মেডিক্যাল বোর্ড এখনই তাকে বিমানযাত্রার উপযোগী বলে বিবেচনা করছে না।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, যেখানে টানা ১৫ দিন ধরে চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
অন্যদিকে, দেশজুড়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। তার দ্রুত আরোগ্য কামনা করে রাজধানীসহ সারাদেশে প্রার্থনার কর্মসূচি অব্যাহত রয়েছে।

কী-ওয়ার্ড:
খালেদা জিয়া
স্থিতিশীল অবস্থা
বিদেশ যাত্রা অনিশ্চিত


এ জাতীয় আরো খবর