রবিবার, মে ১৭, ২০২৬

শিক্ষক ও সাহিত্যিক অধ্যাপক যতীন সরকারের মৃত্যুতে উদীচীর শোক

  • মঞ্জুর মোর্শেদ মিল্টন
  • ২০২৫-০৮-১৩ ১৮:৪৫:৫০

দেশের প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উদীচীর সাবেক সভাপতি, শিক্ষক, লেখক ও গবেষক অধ্যাপক যতীন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এক শোকবার্তায় বলেন, এদেশের মানুষের সাংস্কৃতিক অধিকার আদায়ের বুদ্ধিবৃত্তিক তৎপরতার তিনি ছিলেন অন্যতম প্রধান মণীষা ও সংগঠক। মানব মুক্তির সংগ্রামের এক মহান শিক্ষক ও লড়াকু যোদ্ধা ছিলেন  অধ্যাপক যতীন সরকার। অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত সমাজ গঠনের জন্য জীবনভর তিনি লড়াই করে গিয়েছেন। তিনি দীর্ঘদিন সারাদেশে ছড়িয়ে থাকা শত শত শাখার মাধ্যমে হাজার হাজার সংস্কৃতিকর্মী ও রাজনৈতিককর্মীর বুদ্ধিবৃত্তিক মানোন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ ও লেখালেখির কাজ করে গিয়েছেন।
উদীচীর নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গন গভীরভাবে শোকাহত। আমরা তাঁর সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মুক্ত মানুষের মুক্ত পৃথিবী নির্মাণের সংগ্রামে আমরা তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবো। তাঁর শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।
 

 


এ জাতীয় আরো খবর