শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

ম ন্দা ক্রা ন্তা সে ন

  • তোমার পাশের সিটে
  • ২০২৫-০২-১৯ ০০:৩৩:০৪

সমস্ত পথ তোমার পাশের সিটে
ব'সেই এলাম, অথচ মধ্যিখানে
যোজন যোজন দুরন্ত নদনদী 
সারারাস্তাই অন্যপাশের লোক 
আঁকড়ে ছিল কি আমার ঊরুর তাপ
এমনকি তার পিছল আঙুল দিয়ে
শরীরের থেকে শুষে নিচ্ছিল কিছু
সেসব তেমন বুঝতে পারিনি, শুধু
অতি সাবধানে বাঁচিয়ে রেখেছি হাত
যদি ছুঁয়ে যায় সে-হাত তোমার হাতে
সেই মুহূর্তে পৃথিবী ধ্বংস হবে
আমার শরীরে করুক যার-যা খুশি
পোকা লেগে যাক, সেঁটে যাক ছিনে জোঁক 
ছোবোনা তোমার পালকের পাঞ্জাবী 
ঝাঁকুনি বাইরে, ঝাঁকুনি ভিতরে, নিচে,
পায়ে পায়ে ঠোকাঠুকি, নখে ঘষা লেগে 
এখনি পুড়বে শহর, জানালার ধারে
দূরে ব'সে আছো, পাশেই, প্রবল পাশে...

বুকে উঠে  এলো অন্য লোকের হাত
যা-খুশি করুক, সরব না তোর দিকে 
মরব না এতো তাড়াতাড়ি তোকে ছুঁয়ে 
বাস থেকে নেমে অন্তত একবার 
আরও অন্তত একবার চুমু খাব
সাপটে ধরেছে অন্যপাশের হাত
ওটা কিছু নয়, ভালোবাসা ছাড়া আর
কিছুতে মরি না, তোমার আমার মাঝে 
সিটে ব'সে আছে মৃত্যুর মতো সুখ 
এত নদনদী, ওপারে তোমার আলো 
দেখতে পেয়েছি, পৌঁছাতে কত দেরি
শেষ বাসস্টপে? তোমাকে একটিবার 
আরও একবার স্পর্শ করার আগে
ম'রে যাব না তো? বল, ম'রে যাব না তো?


এ জাতীয় আরো খবর